
ইমতিয়াজ ধারকার লাহোরে জন্ম নেন কিন্তু স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বড় হন। উনি গ্রেট ব্রিটেনে কবি, অঙ্কন শিল্পী এবং সাংবাদিক চলচিত্রকার হিসেবে প্রখ্যাত। উনি রাণীর স্বর্ণপদক এবং অন্যান্য বহু পুরস্কার অর্জন করেছেন। ২০১৯ সালে উনি পোয়েট লরিয়েটের পদের শর্টলিষ্টে ছিলেন কিন্তু কাজে মনোযোগ দেওয়ার প্রয়োজনবোধে নিজেকে প্রত্যাহার করেন। এখন উনি লন্ডন, ওয়েলস এবং মুম্বাইতে সময় কাটান।
এত এত লেখা,
এসব কিসের জন্য?
কোন প্রয়োজনে?
পৃথিবীর সমস্ত ভাষা
স্প্যানিস, চাইনিজ, আরবিক,
চতুর্দিকে ছড়াছড়ি
ডানদিক থেকে বাঁদিক,
বাঁ থেকে ডান,
কি দরকার
যদিনা
ওরা তোমাকে বাধ্য করে শুনতে
হৃদয়ের গভীরের পাখীর কলরব
আর নতুন পৃথিবীর ধ্বনি?
লাইনের শেষে প্রান্তে দাঁড়িয়ে
পিছন ফিরে দেখি তুমি
আর তারপর শুধু শূন্যতা
শব্দগুলো যদি তোমাকে দিনরাত তাড়া নাইই করে
তবে তারা তো কেবল কবরখানার ফলক
তুমি যদি আমার নাড়ির স্পন্দন
অনুভব নাইই করতে পারো
তবে আমার বিদায় নেওয়াই তো ভালো
এতসব লেখালখির কি দরকার
যদিনা
তা ছুরির মত মোচড় দেয়
কাঁটার মত বেঁধে
মৌচাকের মত ভনভন করে?
কি দরকার
যদিনা
তা বিদ্যুতের ঘা দিয়ে জাগায়?