কতদূর চলে গেছ একান্ত দুপুর?
তারাজ্বলা সন্ধ্যাকাশ
দিগন্তের আলাপচারিতা?
এখন নিদারুণ রাজপোশাকে সেজে আছো তুমি, ভিক্ষার্থী তথাগত
নেই জ্যোতির্বলয়
নেই রজঃগুণ
মন্ত্র শরীর থেকে খসে গেছে চন্দন প্রলেপ
ধিক তোমায় রাজসন্ন্যাসী
দেখো ঝুলি কাঁধে এগিয়ে চলেছে ওই
সপুত্র যশোধরা
প্রেমিকের মনটুকু ফিরে পেতে সে,
ছুটে চলেছে সালংকারা সুজাতার করপদতলে
কতদূরে চলে গেছ সম্পর্কের শীতলতা?
হাত বাড়িয়েও বলতে পারো না আর
জল দাও...
আলো দাও...
ভালোবাসা দাও?
নিবিড় সালোকসংশ্লেষের দূরাগত গন্ধে
ঝরে পড়ে তোমার
বিঘ্নিত বোধির আক্ষেপ
অসংযমের কান্না!
তবু..
কীই বা দিতে পারি আমি বলো?
অপারগ দুহাতে আমার পড়ে আছে আজ
একমুঠো ত্রিপিটক ছাইয়ে
বর্ণহীন সহমর্মিতা!