পরিযায়ী - আবির্ভাব ভট্টাচার্য

নদীর জলকে গিয়ে ডাকো
ছুঁয়ে দাও পরিযায়ী ঘুম
বলো তাকে বুকের একপাশে
ভাঙন দাড়িয়ে আছে নিজ্ঝুম!
নদীদের বুকে থাকে মায়া
সেখানে বসত করে জল
নদীরাও সরে সরে যায়
মাটি নেয় বুকের দখল!
গাছ শুধু ধরে রাখে মাটি
গাছেদের ছায়া পরিযায়ী
অন্তরা ভুলে যাওয়া সোজা
থেকে যায় দু'লাইন স্থায়ী!
তত্ত্বেরা দেশে দেশে ঘোরে
শ্রম, পুঁজি, মুনাফা তরল
হিসেবের শূন্যেরা পরিযায়ী
শূন্যতে শেষ হয় সকল!
নদীর জলকে গিয়ে ডাকো
বলো তাকে বেড়ে দিতে ভাত
দেখো কারা এইবেলা এল
আদরে ধুইয়ে দাও হাত!
পেরিয়েছে তারা ধানজমি
তারা জানে মৃদু মেঠোপথ
রেলের লাইন ধরে হেঁটে গেছে
খিদে পেটে নিয়েছে শপথ!
দেখো রক্ত, অসামান্য ঘাম
পায়ে নিয়ে অনন্তের ধুলো
কেউ কেউ এখানে এসেছে
কেউ কেউ পথে মুছে গেল!
মাথা পেতে নাও ওই ধুলো
রক্ত নয়, ওইগুলি ফুল
জল দাও ছায়া দেবে ওরা
আদিশস্যে ভেসে যাবে কূল!