অ্যসাইলামের দিনরাত - পার্থজিৎ চন্দ

দুপুর

কালো শার্সিতে ওই যে ঘুঘু এসে বসে দুপুরবেলায়
ও এক পাগল। বছর-দশেক আগে মারা গিয়েছিল
ওই মাছরাঙা এক মরে যাওয়া সিনেমা-পাগল
নায়িকার ছবির সামনে প্রতিদিন ফুল ও বাতাসা সাজিয়ে হামাগুড়ি দিত
আজ সে’ই চকরাবকরা জামা পরে ডুব দিল পুকুরের জলে
ওই কাঠঠোকরাটি এক বৃক্ষ-পাগল। গাছেদের ক্ষতে মলম লাগাত
ও-দুটি চড়াই এক পাগল-দম্পতি, ওদের ছেলের রক্ত ভাতে ছিটকে এসেছিল
একটি শালিখ আসে প্রতিদিন। ফেলে যাওয়া নিজের ঘরের কাছে এক মনে ঘোরে
ও আসলে হাবাগোবা এক মেয়ে
পাগল ভাইয়ের পচা দেহটিকে তেরোদিন ভাত খাইয়েছে

আমরা চিনতে পারি। ওরা’ও নিশ্চয় আমাদের চিনতে পেরেছে

শুধু কি নিজের ছায়াটি দেখেই ঘুঘু এতো তীব্র ভাবে ঠোঁট আছড়ায়
খানখান করে কাচ ভেঙে দিতে চায় দুপুরবেলায়!