ফুল ফল মফস্বল - আবির্ভাব ভট্টাচার্য

আড়াল ভেঙে বেরিয়ে এসেছি
সূর্যাস্ত বিলি করবো ব'লে!
আনন্দকে বলেছি - চলো চলো
বন্ধুদের বলেছি - আয়
দুঃখকে বলেছি - দেখা হচ্ছে-
সান্ধ্য চায়ের আড্ডায়!

মৃত্যুকে বলেছি - এসো সময় করে
লজ্জাকে বলেছি - ভালো থেকো
শোককে বলেছি - শান্ত হও-
এই বুকে হাত রাখো!

আড়াল ভেঙে বেরিয়ে এসেছি
কেবল সূর্যাস্ত বিলি করবো ব'লে!
ভালোবাসা দেখেছি টাউনহলে
খাবার দেখেছি রেস্তোরাঁয়
খিদে দেখেছি সন্ধ্যের পথে-
কবরখানার রাস্তায়!

ঝগড়া দেখেছি পর্দার ওপারে
হিংসা দেখেছি নখে
প্রতিযোগিতা শপিংমলের-
সর্বগ্রাসী চোখে!

ধৈর্য দেখেছি মুচির দুহাতে
লাইনে দেখেছি তাড়া
প্রেমিক দেখেছি পার্টি অফিসের-
সামনে কৃষ্ণচূড়া!

ইচ্ছে দেখেছি বোবা-বোবা চোখে
পাওয়া না-পাওয়ার জল
সবকিছু নিয়ে সুখে বেঁচে থাকো-
ফুল, ফল, মফস্বল!...