জলকথা ৭ ( রেবা পাল(বণিক) স্মরণে) - বিশ্বনাথ লাহা

খুব কাছে আছো অথচ ছুঁতে পারছিনা, এমন
একটা তরঙ্গের ভেতরে ঢুকে পরেছ তুমি ।

মেয়ের দীর্ঘশ্বাসে মুহুর্মূহু হুহু কেঁদে বেড়াচ্ছে
যে ভালোবাসা , তুমি তা অস্বীকার করছ !
নাকি অন্যরকম একটা দরজা ভেঙে তুমিও প্রাণপণ লড়াই এ ফিরে আসছো আবারও !

তোমার মায়ের পরিক্রমায় অনেক না ফেরা
মেঘ ও তাদের গল্পকথা । বুকের ভেতর
যে বর্ষা, ক'দিন বাদে চিরামতী নদীর মতো
হয়তো বেঁচে থাকবে তপ্ত বালির নীচেই ।

ভূকম্পের রাতে মহাপ্রলয়ে কিছু তো ডুববেই
খড়কুটো বেয়ে মঙ্গলে জলের খোঁজে
আরও কতো হাত আজ আকাশের দিকে
এ বুঝি জল নয়, শুধু ঐ জলেরই প্রলোভন !

আমিও অনঙ্গের দিকে দু’হাত বাড়াই, কৃপা !
চোখের পাতায় যতো জল, নদীও ততটাই
চাইনা জলাধারের গভীরতাও আর বাড়ুক
সব হাত শুধু নিচে, ওই মাটিকেই চুমু খাই ।