জাগরণ - শিবাশিস  মুখোপাধ্যায়

ধ্বংস থেকে জাগে যে আগুন
সে আগুনে দিগ্বিদিক আলো,
স্রোতে ভাসা ঝিলিমিলি খুন
দোতারায় আঙুল ছোঁয়ালো ৷

দুটি তারে সূক্ষ্ম আর স্থূল
মিলিয়ে যে রহস্যের গান ,
গলা দিয়ে ঢেলেছে বাউল
তাতে জ্বলল তরল শ্মশান ৷
 
আঙুলে অঙ্গারে কাঁপল শিখা
লকলকে হাওয়ায় উড়ল ছাই,
কপালে ভস্মের জয়টিকা
নতুন কবিতা লিখব , তাই ৷

জ্বলন্ত খাতায় রোশনাই
ঝলসে যায় হাতের কলম ,
ভালবেসে জ্বলে পুড়ে গাই
কে প্রথম? বলো কে প্রথম?