বিভ্রম যাপন - আশিস সরকার

যারা আমাকে জন্মান্তরের কথা বলে তারা আমাকে প্রভাবিত করে
মনে পড়ে যায় জাতকের কথা সোনার কেল্লার মুকুলের কথা
আরো অনেক ক্লাসিক সাহিত্যের কথাও মনে পড়ে যায়

যারা আমাকে জন্মান্তর বলে কিছু নেই বলে তারা আমাকে প্রভাবিত করে
তারা বলে যা কিছু এই জীবনেই মনে পড়ে নিকোলাই অস্ত্রোভস্কির কথা গুলো -''মানুষের প্রিয়তম সম্পদ তার জীবন ,সেটা সে একবারই পায় ''
আমাদের প্রাচীন দার্শনিক চার্বাক একই কথা বলেন নি কী   আমি রোমান্টিক হয়ে পড়ি

এই সব ভাবনার মাঝখানে পড়ে যে বিভ্রম
তাতেই প্রায় জীবন কাটিয়ে দিলাম
এখন শেষ মুহূর্তের অপেক্ষা  - দেখতে হবে সেই মহূর্তে বিশ্বাস টা কোথায় দাঁড়ায়...!