এখন দূরত্বই বোঝাবে তুমি কতটা আপন ৷ রক্তের ফ্রেমে -
মিথ্যে সব জুড়ে জুড়ে থাকার হিসেব ৷ ছুঁয়ে দিলে কেউ নেই৷
আরোগ্যভবন থেকে কনিষ্কেরদল সাঁই সাঁই উড়ে যেতে যেতে -
মুছে নেয় ভাবনার ছন্দের হিসেব ৷ ঘুমিয়ে পড়েছে সব
জংশন স্টেশন ৷ লোকারণ্য শব্দটিকে মুক্তি দিয়ে আমাদের ধ্যান -
নিকিয়ে নিয়েছে সব ধারণার ছায়া ৷ ঘরময় সাজানো যত
আপ্যায়নের ছবি
নমস্তে জানিয়ে আজ পাশ ফিরে বসে ৷ একদিন খোঁজা হবে -
অপেক্ষা সড়কে ৷ ক্ষুধার আড়তে মৃত্যু ও জীবন পাশাপাশি
মানিয়ে গিয়েছে বেশ ৷ আপাদমস্তক ভয় মেখে ফিসফাস শব্দরূপ ৷
কে জানে কখন কোন ঋতু বদলে যাবে কিসের নিয়মে ৷ কারা যেন
ভেংচি কাটে প্রতিশোধ প্রতিশোধ বলে ৷ ভাবনার প্রেসারকুকারে তবু
ভোটের প্রচার ৷ মুচকি হাসে মহান চেয়ারের দল ৷ কমে আসছে আলো ৷
রাশিরাশি ভয়তত্ত্ব আঙুল উঁচিয়ে বলে - উহ্য থাক সব ৷
শুধু মায়ের গন্ধ মনে নিয়ে বসে আছি একা আত্মগুটির ভিতর....