অনাগত

তুমি আছো এই মাটির ওপরে -
যুগ - যুগান্তর ধরে,
পৃথিবী এঁকেছিল বৃত্ত যেদিন,
সূর্য্যকে কেন্দ্র করে .
 তুমি আছো ওই বনের ভিতরে,
গাছের শিকড়ে শিকড়ে -
সবুজের গালিচায় ঢুকতে না পেরে,
যেথা সূর্য্যও মাথা খুঁড়ে মরে .
তুমি আছো সমুদ্রর নোনা  জলে,
যেখানে দিকচক্রবালে ,
প্রকৃতি ঢালছে তার রং,রূপ,গন্ধ -
চাঁদ তার জ্যোৎস্না ঢালে .
তুমি আছো হিমালয় চূড়োতে,
শান্ত বরফের সিঁথিতে ,
অনাগতপ্ৰায়,একা শুয়ে নিরালায়,
সৌরজগতের  জ্যামিতিতে .