অভিপ্রেত

এখান থেকে অনেক দূরে
যখন আবার নতুন করে
পাড়ের কড়ি খুঁজতে চেয়ে
ভাষাহীন শব্দ হয়ে -
ছুটে গেছি আঁধার রাতে
নীরব বাতাস ছিল সাথে
দৃষ্টি ভাষা স্মৃতির রথ
সবুজ মাঠ দিয়েছে পথ
কতদিন তো এমন ভাবে
আমার এ প্রাণ তোমার ভাবে
বিভোর হয়ে থাকতে চেয়ে
তোমারই গান যাচ্ছে গেয়ে
গ্রহ ,তারা , একলা আকাশ
আলোর পথে তোমার প্রকাশ
আমার সকল হারার দামী
চেয়েছি ফিরে আমার আমি
কোনোদিন কি গোপন ব্যাথা
বলেনি তার না বলা কথা
বুকের পাঁজর তৈরি করা
খাঁচায় চিঠি ডাকহরকরা
রইলে না আর আমার পাশে
আমার সকল সর্বনাশে
বিদায় যদি দিলে তবে
আবার বলো আসছো কবে
এমনি এখন আকাশপথে
তোমার খবর ইন্দ্ররথে
যাচ্ছে উড়ে দুঃখ মুছে
আমার স্বপ্ন কিনে বেচে -
দেখেছো তার সাহসখানা
অনেকবার তো করেছি মানা
আঁকছে জলে সে জলছবি
একলা বসে মৌন কবি
আমার সুখ তোমার নামে
হাঁটেনি আর দক্ষিণ বামে
ফিসফিসিয়ে বলবে প্রাতে
মুখচোরা এই ফাল্গুনীতে
তোমার সোনার কাঠির ছোঁয়ায়
স্বপ্ন যে তার ঠিক দিশা পায়
তোমার মুখ পড়ে দেখা
নতুন করে তোমায় লেখা
এখন তুমি আবার করে
আমার সাথে রোজ খবরে
রয়েছো ঘ্রাণে ,রূপ গরিমায়
চমকে গিয়ে এক লহমায়
কেটেছে তাল গান বেসুরে
ডুবিয়ে নিয়ে প্রেমাতুরে
এই জোয়ারে সামলে জল
ও মাঝি ,দাঁড় বাইবি বল