সময়ের অন্ত নেই ,
করে চলে অনন্ত আলাপ.
অস্ফুটে, অকপটে,
নিত্যদিনের সংলাপ.
সদা,সর্বময়,
জীবনের ধারাবিবরণী.
বহমান,অগ্রগামী,
আগামীর বিশল্যকরণী.
বিচ্ছেদের অপঘাত ,
করতে পারেনি তাকে গ্রাস.
অনাবৃত অন্ধকারে,
জমেছে বেদনার নির্যাস.
সমস্ত অস্তিত্ব জুড়ে ,
ভার হয়ে ব্যর্থতার গ্লানি.
পৃথিবী থমকে গেছে ,
তবুওতো সময় থামেনি.
থামতে শেখেনি মোটে,
নেই তার কোনো চালচুলো .
নিরন্তর ছুটে চলা,
বাতাসে উড়িয়ে ধুলো.
চলমান জনপদে,
ঘটনার আকরের খনি.
দাঁড়াতে বলেছি তাকে,
সময় দাঁড়াতে পারেনি.
বার বার কত আর ,
এইভাবে ডেকে চলা তবে.
সময় তোমার সঙ্গে ,
কখনো কি আর কথা হবে?
সতত এ প্রসঙ্গে,
বাতাসে চলেছে কানাকানি.
সময় চলার পথে,
আবার দেখা হবে জানি.