সার্কাস

স্বনামধন্যা শ্রদ্ধেয়া শ্রাবণী ঘটক সরকার আমাকে (রাজ সেন) আগামী 5 দিনে 5 টি কবিতা লেখার আমন্ত্রণ জানিয়েছেন  উনি আমার মায়ের স্বর্গত বড়মামা পরমশ্রদ্ধেয় শ্রী নীলু ঘটক এর কন্যা এবং আমার মাসি . আরেকজন কবি শ্রদ্ধেয়া পাপিয়া ঘটক সরকার ও একই ভাবে আমার মাসি . আপনারা অনেকেই হয়তো জানেন এনারা  পরম শ্রদ্ধেয় চিত্রপরিচালক শ্রী ঋত্বিক ঘটক এর উত্তরসূরি . ক্ষমা করবেন পাপিয়া ঘটক চক্রবর্তী
আজ প্রথম দিন আমার প্রথম কবিতা

সাপুইপাড়ার বড় মাঠে
সার্কাস এর দল তাঁবু খাটিয়েছে
টানা দুই হপ্তা ধরে
তারা ওখানে খেলা দেখাবে
তাদের সঙ্গে এসেছে বাঘ,সিংহ ,
হাতি, ভালুক , বাঁদর প্রভৃতিরা
তেরপলের তাঁবু খাটিয়ে
আস্তানা গাড়া হয়েছে
একপাশে বেশ বড় একটা
মাটির উনুন বানিয়েছে
ওই উনুনে তাদের রান্না হবে
গ্রামের ছেলে, বুড়ো সবাই
ভিড় জমিয়েছে সেখানে
সুন্দর চেহারার অল্পবয়সী
অনেক ছেলেমেয়ে আছে সার্কাস দলে
তারা সঙ্গে এনেছে অনেক
কাপড়চোপড়,বড় বড় বাঁশের লাঠি, বস্তায় বাঁধা কাপড়ের গোল্লা, বাসনকোসন,সাজসরঞ্জাম
বিচিত্র সাজপোশাকের;রংচংমাখা
টুপি মাথায় দু তিনজন লোক এসেছে - ওদের জোকার বলে
কাল হাটবারে মেয়েরা দলবেঁধে
বাজার করে নিয়ে গেল
ওদের দেখে দোকানিরা ফিসফাস
করছিল
হাট এ আসা অন্যান্য লোকেরাও
অবাক হয়ে দেখছিল
মনে হচ্ছিল যেন দূরদেশ থেকে
কোন চড়ুইভাতির দল এসেছে
অবাক হয়নি শুধু পা কাটা সহদেব
সে ক্র্যাচ বগলে অতি উৎসাহে
মেয়েগুলোর কাছে ভিক্ষে করতে লাগল
প্রতি সন্ধ্যায় সার্কাস দেখতে
গ্রাম মুখর হয়ে উঠল
আশপাশের গ্রাম থেকেও
আসতে লাগল অনেক লোক
লোকের মুখে মুখে ফিরতে লাগল
সার্কাসে দেখা অনেক খেলার কথা
লাঠির খেলা,ছোরার খেলা,
ব্যালান্সের খেলা, শূন্যে বাদুড়ঝোলা হয়ে দোলবার খেলা,
বাঘের খেলা,হাতির খেলা,
ভালুকের খেলা - আরো কত কি !
শীতের শুরুতেই সার্কাস দলের
অভাবিত আগমনে
সমস্ত গ্রামজুড়ে যেন উৎসব লেগে গেল
বাচ্ছারা সারাদিন ঘোরাফেরা করতে লাগল সার্কাস মাঠের চারপাশে
বন্যা, মড়ক জর্জরিত গ্রামে
সঞ্চার হল প্রাণের
মানুষের যাবতীয় উন্মাদনা
আর কৌতূহল
ওই সার্কাস মাঠকে কেন্দ্র করেই
শেষদিনের শো এ সবাই
নিয়ে গেল  রন্তিপিসিমাকে
সার্কাস  মাঠে সেদিন
তিলধারণের জায়গা নেই  
রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে দিয়ে
চলেছে সার্কাসের খেলা
একেকটা খেলা শেষের সঙ্গে সঙ্গে
করতালিতে মুখর হয়ে উঠছে
চারদিক
জোকারের খেলা শেষে
খিলখিলিয়ে উঠল সকলে
হাসলেননা শুধু রন্তিপিসিমা
ওনার আর কোনো বিকার নেই
ছেলেটা গেলবছর ওলাওঠায়
মারা যাবার পর থেকে