আমাকে খবর দিয়ো একটু আকাশ,
একটি নারীর মুখ, একটি নদী,
একটি শিশুর মুখে অনাবিল হাসি
কোথাও দেখতে পাও যদি।
আমাকে খবর দিও একটু বাতাস,
ছোট্ট নিবিড় সুখে ছোট এক পাখি
নীড়ে তার বসে আছে ছানাদের নিয়ে
এখনো দেখতে পাও যদি।
আমাকে খবর দিয়ো স্টেশনের পাশে
ইস্কুল যাবার পথে সেই কানা বুড়ি
এক হাতে বাটি আর অন্য হাতে লাঠি
এখনো দাঁড়িয়ে থাকে যদি।