আমাকে মদ্যপ এবং লম্পট
বলেছে কতলোক, মাখিনি গায়,
‘সারাটা দিন ডুবে থাকে সে সরোবরে’
শুনিলে মৎস্যের কি আসে যায়।
তোমার ও শরীর শুধুই দেহ নয়
মহান শিল্পের জয়গান,
অজানা কোন দেশে অতল আঁধারেতে
আলোকস্তম্ভের উত্থান।
শরীর সেই মেঘ, ফুঁড়িয়া যাহা আমি
পৌঁছে যেতে পারি ও নভোনীল,
তোমার চারপাশে তাইতো ঘুরি আমি
সারাটা দিন, যেন শঙ্খ-চিল।
তোমার ও-চোখের একটু হাসি যেন
আমার জীবনের রোদ্দুর
মরণ-ভয় হীন করেছে এ জীবন
শূন্যে উড়িয়াছি কতদূর !
এখন মৃত্যুকে নিয়েছি মুখে করে
যেমন বাজপাখি সাপকে নেয়,
অস্ত পথে যেতে ক্লান্ত দুটো চোখ
তোমাকে একবার দেখতে চায়।