জীবন ও জ্যোতিষের যোগসূত্র 

জ্যোতিষ চর্চা বাস্তবে জীবন চর্চা। ভারতীয় জ্যোতিষের মূল ভিত্তি হল কর্ম ও কর্মফল, জন্ম ও জন্মান্তর, আত্মার অবিনশ্বরতা ও মোক্ষ তথা মহা মুক্তি। জ্যোতিষ শাস্ত্র গড়ে উঠেছে জ্যোতির্বিজ্ঞান(Astronomy), গণিত(Mathematics),শারীরবিজ্ঞান (Physiology), আয়ুর্বেদ (Medicine) ও ফলিত জ্যোতিষের সামগ্রিক সমন্বয়ে। এক কথায় বলা যেতে পারে Art, Science and Philosophy. জ্যোতিষ শাস্ত্র ভারতীয় জীবনাদর্শ, সংস্কৃতি, ধর্ম ও দর্শন সম্মত এক মহা বিজ্ঞান (A Great Science). যার মুখ্য উদ্দেশ্য হল, মহা-মুক্তির লক্ষ্যে অগ্রসরমান মানুষকে সহায়তা  প্রদান করা ও দিক নির্দেশ করা। 
জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মফল অবিনাশী আত্মার মাধ্যমে বর্তমান জীবনে প্রকাশিত হয়। যার প্রতিফলন ধরা পড়ে ‘রাশি-গ্রহ-নক্ষত্রের’ সংকেতে। রাশিচক্রই জীবনচক্র তথা বর্তমান জীবনের নীল নক্সা। কর্মের গুণগত মান অনুসারে জীবনের মান নির্ধারিত  হয়। অতীত কর্মফল পূর্বনির্ধারিত, কিন্তু কর্মকে নিয়ন্ত্রণের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ জীবনকে পরিবর্তন করা সম্ভব। সদর্থক কর্ম প্রচেষ্টা ও জ্যোতিষ পরামর্শ জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে তোলে। এখানেই জীবন ও জ্যোতিষের প্রধান যোগসূত্র ও উপযোগিতা।