মুকুন্দ দাস

 প্রখ্যাত চারণ কবি মুকুন্দ দাস জন্মগ্রহণ করেন বাংলাদেশের ঢাকা জেলার বানারী গ্রামে ১৮৭৮  খ্রিস্টাব্দে। তাঁর পিতার নাম গুরুদয়াল দে। মাতা শ্যামাসুন্দরী দেবী।

   চারণ কবি মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর দাস। তাঁর পিতা দরিদ্র গুরুদয়ালের ছিল একটি মুদির দোকান।পিতার মুদির দোকানদারির পাশাপাশি স্থানীয়  কীর্তনীয়া সম্প্রদায়ের সঙ্গে সর্বক্ষণ গান গেয়ে বেড়াতেন যজ্ঞেশ্বর।এইসব কীর্তনীয়াদের কাছ থেকে তিনি অসংখ্য গান সংগ্রহ করেন।পরবর্তীকালে সেই সংগ্রহ থেকে প্রকাশ করেন ‘কীর্তন সংগীত সংকলন’।

   ১৯০২ খ্রিস্টাব্দে অবধূত হরবোলানন্দের কাছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন যজ্ঞেশ্বর। তারপর থেকেই যজ্ঞেশ্বরের নতুন নাম হয় মুকুন্দ দাস।

    ১৯ বছর বয়সে মুকুন্দ দাস বরিশালের নায়েব-নাজীর বীরেশ্বর গুপ্তের কীর্তন দলে যোগ দেন।পরে নিজেই তৈরি করেন একটি কীর্তন সম্প্রদায়।

   কীর্তনিয়া মুকুন্দ দাসকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করেন বাংলার অন্যতম নেতা শ্রী অশ্বিনীকুমার দত্ত।বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালে মুকুন্দ দাসের স্বদেশী গান, যাত্রাপালা, বিশেষ করে মাতৃপূজা স্বদেশবাসীর হৃদয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

   সে-সময়ে মুকুন্দ দাসের লেখা লোকের মুখে মুখে গীত হ’ত সেই বিখ্যাত গানটিঃ ‘ছিল ধান গোলাভরা,শ্বেত ইঁদুরে করল সারা’। এই গানটির জন্য দুঃসাহসী চারণ কবিকে ইংরেজ সরকার তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।সেই সঙ্গে জরিমানা করা হয় তিনশত টাকা।ব্রিটিশ সরকারের জরিমানা মেটাতে পৈতৃক শেষ সম্বল মুদিখানার দোকানটিকেও বেচে দিতে হয় মুকুন্দ দাসকে।দিল্লি কারাবাসের সময়েই মৃত্যু হয় কবি মুকুন্দের স্ত্রীর।

   জেল থেকে ছাড়া পেয়ে মুক্ত কবি মুকুন্দ দাস ক্রমাগত লিখে চললেন মুক্তির গান।আর অসংখ্য যাত্রাপালা। পরাধীন ভারতবর্ষের মুক্তিকামী প্রতিটি মানুষ চারণ কবি মুকুন্দ দাসের গানে,যাত্রাপালায় উদ্বেলিত হয়ে ওঠে।

   বঙ্গভঙ্গ (১৯০৫) আন্দোলনের সময় মুকুন্দ দাসের অসামান্য সব স্বদেশী গানে তারুণ্যের দীপ্তি দেশবাসীকে মুগ্ধ করে।‘অসহযোগ আন্দোলন’(১৯২১)আর ‘আইন অমান্য আন্দোলন’(১৯৩০)-এর সময়েও মুকুন্দ দাসের প্রবীণ কন্ঠে এই তারুণ‍্যেরই দীপ্তি খুঁজে পেয়েছিল আপামর জনসাধারণ

   আক্ষরিক অর্থেই মুকুন্দ দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামের যথার্থ চারণ কবি।তাঁর অন্যান্য উল্লেখযোগ্য  রচনাবলীর মধ্যে আছে ‘সাধনসঙ্গীত’, ‘পল্লীসেবা’, ‘ব্রহ্মচারিণী’, ‘পথ’, ‘সাথী’, ‘কর্মক্ষেত্র’, ‘সমাজ’ প্রভৃতি।

   চারণ কবি মুকুন্দ দাসের মৃত্যু হয় ১৯৩৪ খ্রিস্টাব্দের ১৮ই মে।